ভূমিকা
ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই নমিনি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না। অথচ অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর ব্যাংকে থাকা টাকা নিয়ে যাতে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি না হয়, সেজন্য সঠিকভাবে নমিনি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে নমিনি মানে কি? নমিনি কি ব্যাংকের টাকার মালিক? নমিনি নাকি উত্তরাধিকারী কে বৈধ দাবিদার?
নমিনি মানে কি?
সহজ ভাষায়, নমিনি মানে কি এর উত্তর হলো, কোনো ব্যক্তি তার ব্যাংক হিসাব, সঞ্চয় বা নির্দিষ্ট আর্থিক সম্পদের ক্ষেত্রে নিজের মৃত্যুর পর টাকা গ্রহণ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য যে ব্যক্তিকে মনোনীত করেন, তাকে সাধারণভাবে নমিনি বলা হয়।
উদাহরণ হিসেবে ধরা যাক, রহিম সাহেব একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এবং তার স্ত্রীকে নমিনি করেছেন। পরবর্তীতে রহিম সাহেব মারা গেলে ব্যাংকের নিয়ম ও প্রযোজ্য আইনের অধীনে তার মনোনীত স্ত্রী ব্যাংকের টাকা গ্রহণ বা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
চেকের মামলা কি, চেক মামলার শাস্তি ও মামলা থেকে বাচার উপায়
নমিনি কি ব্যাংকের টাকার প্রকৃত মালিক?
এটি অনেকের মনে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহজভাবে বলতে গেলে, শুধুমাত্র নমিনি হওয়ার কারণে কেউ ব্যাংকে জমাকৃত টাকার চূড়ান্ত মালিক হয়ে যান না। নমিনির প্রধান দায়িত্ব হলো আমানতকারীর মৃত্যুর পর ব্যাংক থেকে টাকা গ্রহণ করা। তবে সেই টাকার ওপর অন্য বৈধ উত্তরাধিকারীদের আইনগত অধিকার থাকলে তারা তাদের দাবি উত্থাপন করতে পারেন। Bank Company Act, 1991-এর ১০৩ ধারাতেও উল্লেখ আছে যে, ব্যাংক নমিনিকে টাকা পরিশোধ করলে ব্যাংকের দায় শেষ হবে, কিন্তু অন্য কোনো ব্যক্তির আইনগত দাবি বা অধিকার থাকলে তা বহাল থাকবে।
বাংলাদেশের সুপ্রিম কোর্টও একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছেন যে, নমিনেশনের উদ্দেশ্য মূলত ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কে লেনদেন করবে এবং টাকা গ্রহণ করবে তা নির্ধারণ করা। নমিনি করা মানেই উত্তরাধিকার আইন পরিবর্তন হয়ে যায় না। আদালতের মতে, নমিনি টাকা গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি স্বয়ংক্রিয়ভাবে সেই টাকার একমাত্র মালিক হয়ে যান না। প্রকৃত উত্তরাধিকারীরা তাদের প্রাপ্য অংশের দাবি করতে পারেন এবং নমিনি সেই অর্থ আইন অনুযায়ী বণ্টনের জন্য দায়বদ্ধ থাকতে পারেন।
সুতরাং, নমিনি হলো টাকা গ্রহণের জন্য মনোনীত ব্যক্তি, আর টাকার চূড়ান্ত মালিকানা নির্ধারিত হয় প্রযোজ্য উত্তরাধিকার আইন অনুযায়ী। তাই “নমিনি মানেই টাকার মালিক” এমন ধারণা সব ক্ষেত্রে সঠিক নয়।
ব্যাংক নমিনি করার সময় যেসব বিষয় মনে রাখা উচিত
নমিনি দেওয়ার সময় কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখা ভালো—
- নমিনির নাম ও পরিচয় সঠিকভাবে দিতে হবে।
- প্রয়োজনীয় পরিচয়পত্র ও তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
- নমিনির সঙ্গে সম্পর্কের তথ্য সঠিক রাখা উচিত।
- পারিবারিক পরিস্থিতি পরিবর্তন হলে নমিনি তথ্য পর্যালোচনা করা উচিত।
- নমিনি মারা গেলে বা পরিবর্তনের প্রয়োজন হলে দ্রুত নতুন নমিনি নির্ধারণ করা ভালো।
হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম
উপসংহার
নমিনি মানে কি সহজ ভাষায় বলতে গেলে, কোনো ব্যক্তি তার মৃত্যুর পর ব্যাংকের আমানত গ্রহণের জন্য যাকে মনোনীত করেন, তিনিই নমিনি। ব্যাংক অ্যাকাউন্টে নমিনি রাখা ভবিষ্যতে অর্থ গ্রহণের প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।নমিনি ব্যাংক থেকে টাকা গ্রহণ করতে পারলেও মৃত ব্যক্তির সম্পত্তিতে প্রকৃত উত্তরাধিকারীদের অধিকার প্রযোজ্য উত্তরাধিকার আইন অনুযায়ী নির্ধারিত হয়।
