বাংলাদেশে জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশকে কিছু বিশেষ আইনগত ক্ষমতা প্রদান করা হয়েছে। সেই ক্ষমতার অন্যতম ভিত্তি হলো পুলিশ আইনের ৩৪ ধারা। এই ধারার মাধ্যমে জনসাধারণের জন্য ক্ষতিকর, বিরক্তিকর বা জনশৃঙ্খলাবিরোধী কিছু নির্দিষ্ট কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধ সংঘটিত হলে পুলিশ তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতাও প্রয়োগ করতে পারে।
পুলিশ আইনের ৩৪ ধারা কি?
এটি ১৮৬১ সালের পুলিশ আইনের একটি ধারা । পুলিশ আইনের এই ধারা মতে সরকার কর্তৃক ঘোষিত কোন এলাকা অথবা পৌরসভা এলাকায় যদি কোন ব্যাক্তি জনপথ, বাজার, রাস্তা, পার্ক কিংবা জনসমাগমস্থলে এমন কোনো কাজ করে, যা সাধারণ মানুষের জন্য উপদ্রব, বিপদ বা জনশৃঙ্খলার অবনতি ঘটায়। তাহলে পুলিশের যে কোন কমকর্তা অথবা কর্মচারী প্রয়োজনবোধে আইন ভঙ্গকারীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
কিভাবে জামিন নিবেন, জামিনের পদ্ধতি।
পুলিশ আইনের ৩৪ ধারায় কোন কোন কাজ অপরাধ হিসেবে গণ্য হয়?
- জনসমক্ষে নগ্ন বা অশ্লীলভাবে উপস্থিত হওয়া অথবা অশোভন আচরণ করা।
- পশুকে অপ্রয়োজনীয়ভাবে নির্যাতন বা নিষ্ঠুর আচরণ করা।
- বিপজ্জনক প্রাণীকে নিয়ন্ত্রণহীন অবস্থায় জনসমক্ষে ছেড়ে দেওয়া।
- রাস্তা বা জনপথে অনুমতি ছাড়া দোকান বা পসরা বসিয়ে জনচলাচলে বাধা সৃষ্টি করা।
- রাস্তা, নালা বা জনস্থানে আবর্জনা বা বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করা।
- রাস্তা বা ফুটপাথে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
- ঝুঁকিপূর্ণ ভবন, বারান্দা বা স্থাপনা নিরাপদ না রেখে জনসাধারণের জন্য বিপদের কারণ হওয়া।
- কূপ, গর্ত, পুকুর বা অন্য কোনো বিপজ্জনক স্থান অরক্ষিত রেখে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করা।
পুলিশ আইনের ৩৪ ধারায় পুলিশের গ্রেফতারের ক্ষমতা
পুলিশ আইনের ৩৪ ধারার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই ধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কারণ, এসব অপরাধ সাধারণত জনশৃঙ্খলা ও জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে এমন অপরাধ করেন, যার ফলে জনদুর্ভোগ বা জননিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধের স্বার্থে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতারের আইনি পূর্বশর্ত
১। ঘটনাটি পৌরসভা এলাকায় সংঘটিত হতে হবে।
২। পুলিশ যদি গ্রেফতার করতে চায় তাহলে সরকারী ইউনিফর্ম অথবা পোশাক পরিহিত হতে হবে।
৩। পুলিশ অফিসারের সম্মুখে অপরাধ সংঘটিত হতে হবে।
৪। জনসাধারনের বিরক্তি ও অসুবিধা সৃষ্টি হতে হবে।
৫। পুলিশ অফিসার ডিউটিরত অবস্থায় থাকতে হবে।
মামলায় পড়লে করণীয় কি জেনে রাখুন !
পুলিশ আইনের ৩৪ ধারা কোথায় প্রযোজ্য?
পুলিশ আইনের ৩৪ ধারা মূলত এমন সব স্থানে প্রযোজ্য, যেখানে সাধারণ মানুষের অবাধ চলাচল রয়েছে এবং জনশৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। সরকারি রাস্তা, ফুটপাত, বাজার, পার্ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, উন্মুক্ত জনসমাগমস্থল কিংবা জনগণের ব্যবহারের জন্য নির্ধারিত অন্যান্য স্থানে সংঘটিত অপরাধের ক্ষেত্রে এই ধারা কার্যকর হতে পারে। অর্থাৎ, যেখানে কোনো ব্যক্তির কর্মকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল বা জনস্বার্থে নেতিবাচক প্রভাব ফেলে, সেখানে এই ধারার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়।
পুলিশ আইনের ৩৪ ধারায় শাস্তি কি ?
এই ধারায় বর্ণিত অপরাধের জন্য আদালত আইন অনুযায়ী দণ্ড প্রদান করতে পারেন। অপরাধের প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট অনূর্ধ্ব পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা অথবা আট দিন পর্যন্ত সশ্রম কিংবা বিনাশ্রম কারাদন্ড জরিমানা, অথবা উভয় দণ্ড প্রদান করতে পারেন।
উপসংহার
পুলিশ আইনের ৩৪ ধারা জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ আইনগত বিধান। এই ধারার মাধ্যমে জনবিরোধী ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আইনটি পুলিশের ক্ষমতা ব্যবহারের জন্যও সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করেছে, যাতে নাগরিকের অধিকার ক্ষুণ্ন না হয়। ফলে এই ধারার প্রকৃত উদ্দেশ্য হলো জনস্বার্থ সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
